চৈত্র মেলা এবার শিশু উদ্যানে, যানজট রুখতেই বড় সিদ্ধান্ত : মেয়র

আগরতলা, ২৭ মার্চ: আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী চৈত্র মেলা। শহরের যানজট সমস্যা কমাতে এবছর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম। অন্যান্য বছরের মতো শকুন্তলা রোডে নয়, এবার মেলার আসর বসবে শিশু উদ্যানে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তিনি বলেন, ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, মেলা উপলক্ষে শহরের দোকানদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি রাস্তা বা ফুটপাথ দখল করে ব্যবসা করেন, তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে।

এই প্রথমবার আগরতলা পুর নিগমের উদ্যোগে ১২০০টি শিশু উদ্যানে স্টল তৈরি করে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের জন্য। ফলে ব্যবসায়ীদের সুবিধা যেমন বাড়বে, তেমনি শহরের শৃঙ্খলাও বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন।

Leave a Reply