শান্তির বাজার, ২৫ মার্চ : আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনৈতিক ময়দান। বুধবার শান্তির বাজারে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। রাজপথ কাঁপিয়ে বিশাল মিছিলের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমা শাসকের নিকট নিজের মনোনয়ন পত্র জমা দিলেন ২৬ বীরচন্দ্র-কলসী (ST) কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং।
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। কয়েক হাজার দলীয় সমর্থক গেরুয়া আবির এবং দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন। বর্ণাঢ্য এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সঞ্জীব রিয়াং-এর এই মনোনয়ন প্রক্রিয়ায় তাঁর পাশে থেকে মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এবং শান্তির বাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক। এছাড়াও দলের জেলা ও মণ্ডল স্তরের বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সঞ্জীব রিয়াং জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের সেবার লক্ষ্যেই তাঁর এই লড়াই। উপস্থিত নেতৃত্বও দাবি করেন, এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।
শান্তির বাজারের আজকের এই মিছিল রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। নির্বাচনের আগে শাসক দলের আত্মবিশ্বাসকে তা আরও জোরদার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

