আগরতলা, ২০ মার্চঃ রাজধানীর শহরতলী আমতলী বাইপাস এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে প্রায় ৫১ লক্ষ টাকার রাবার বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাগমা এলাকার ‘পাল রাবার এজেন্সি’ থেকে রাবার শিট বোঝাই করে ট্রাক গত ১৪ মার্চ কেরালার ‘রাজগিরি ট্রেডার্স’-এর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বোধজংনগর থানার অন্তর্গত আমতলী বাইপাস এলাকায় ট্রাকটি আটক করে দুষ্কৃতীরা।
অভিযোগ, ছিনতাইকারীরা ট্রাকসহ চালককে জোর করে থামিয়ে রাবার শিটগুলি আনলোড করে নিয়ে যায়। পরে চালককে ট্রাকসহ ছেড়ে দেয় তারা। ঘটনার পর চালক বোধজংনগর থানায় গিয়ে বিষয়টি জানায় এবং উভয় পক্ষের মালিকদের সঙ্গেও যোগাযোগ করা হয়।
ঘটনাটি ১৪ মার্চ ঘটলেও এখনও পর্যন্ত পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এত বড় অঙ্কের ছিনতাইয়ের পরও তদন্তে গতি নেই।
এখন দেখার বিষয়, পুলিশ দ্রুত তদন্ত করে লুট হওয়া রাবার শিট উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে কি না। নাকি অন্য ঘটনার মতো এই ঘটনাও ধামাচাপা পড়ে যায়—তা নিয়েই উদ্বেগ বাড়ছে এলাকায়।

