আগরতলা, ১৩ মার্চ : ২০২৬-২৭ অর্থবছরের বাজেট হবে জনকল্যাণমুখী। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনটি ভাষার সংমিশ্রণে উপস্থাপিত সেই বক্তব্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অনন্য নিদর্শন বলেও মন্তব্য করেন তিনি।
ডাঃ মানিক সাহা আরও বলেন, রাজ্যপালের ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়েই এই বাজেট প্রস্তুত করা হবে।
মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বাজেট রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

