জল জীবন মিশন প্রকল্প কার্যত অচল, ১০ দিন ধরে পানীয় জলের সংকটে পশ্চিম কাঞ্চনমালা

আগরতলা, ১০ মার্চ : জল জীবন মিশন প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে ডুকলী আরডি ব্লকের পশ্চিম কাঞ্চনমালা এলাকায়। গত প্রায় ৮ থেকে ১০ দিন ধরে এলাকাবাসী পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ডুকলী আরডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকায় সরকারি কোষাগারের বিপুল অর্থ ব্যয় করে মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি পাম্প মেশিন স্থাপন করা হয়। কিন্তু বর্তমানে সেই পাম্প মেশিন বন্ধ থাকায় প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পাম্প অপারেটর নিজের ইচ্ছামতো পাম্প চালান। এরই মধ্যে প্রায় ৮ থেকে ১০ দিন ধরে পাম্প মেশিন বন্ধ রয়েছে। জানা গেছে, পাম্প মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবি, পাম্প মেশিনে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পানীয় জল ও পয়ঃনিষ্কাশন দপ্তরের পক্ষ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মেশিনটি সারাই করা হয়নি। ফলে পশ্চিম কাঞ্চনমালা এলাকার বহু মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীরা দ্রুত পাম্প মেশিন মেরামত করে স্বাভাবিকভাবে জল সরবরাহ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply