আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান

আগরতলা, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের নারী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই আজকের দিনের প্রধান ভাবনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকল নারীদের আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে নারীদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সমাজের সকল স্তরের নারীরা আজ আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানে নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মানিত করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply