আগরতলা, ৮ মার্চ: একজন সফল ব্যক্তির বা কারোর সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, তার কাজের প্রতি আগ্রহ। আমরা সফল ব্যক্তিকে দেখি কিন্তু তাঁর সাফল্যের পেছনে তার পরিশ্রম, ত্যাগ, নিষ্ঠা প্রভৃতি বিষয়গুলো অনেক সময়ই খেয়াল করিনা। যারা কঠোর পরিশ্রম করেন তারাই সফল হন। আমাদের মনে যদি ধৈর্য থাকে, লক্ষ্য স্থির থাকে এবং আস্থা থাকে তবে আমরা সফল হবই। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ একথা বলেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবনের আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানমঞ্চ থেকে উপরাষ্ট্রপতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত মালবীয় মিশন টিচার ট্রেনিং সেন্টার এবং কর্মী আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ বলেন, ছোট রাজ্য হলেও ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে, যা ত্রিপুরার মাহাত্ম। ত্রিপুরাবাসীর ঐতিহ্যগত সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির বন্ধন ত্রিপুরাকে মহিমান্বিত করেছে। উপরাষ্ট্রপতি আজ সকালে উদয়পুরে ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শনের কথা উল্লেখ করে ছবিমুড়া, ডম্বুর জলাশয়, ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে আধ্যাত্মিক এবং ইকো-ট্যুরিজমের উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের সামগ্রীক উন্নয়নে বিভিন্ন প্রকল্প দ্রুত রূপায়ণ করা হচ্ছে। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উপরাষ্ট্রপতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে বলেন, এই বিশ্ববিদ্যালয় উন্নত পঠন পাঠন, গবেষণা এবং উদ্ভাবনীর কেন্দ্র। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি করে গবেষণা করতে হবে। তাতে নতুন নতুন জিনিস উদ্ভাবন করা যায়।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে ভূমিকা নেওয়ায় তিনি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করছেন। বর্তমানে ত্রিপুরা সহ এই অঞ্চলের পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে এখন ত্রিপুরার সরাসরি যোগাযোগ সম্ভব হয়েছে। সারা দেশে পরিকাঠামোর ব্যাপক উন্নতি হওয়ায় দেশের অর্থনীতি আরও সুদৃঢ় হয়েছে। পরের প্রজন্মের জন্য বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা বাড়ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি বলেন, সময় খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সাফল্যের নিবিড় যোগাযোগ রয়েছে। সময়কে কিভাবে ব্যবহার করবে তা নিজেদেরই ঠিক করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি নেশার কবল থেকে দূরে থাকতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। অন্যরা যেন ড্রাগ ব্যবহারের প্রতি আকৃষ্ট না হয় সেজন্য তাদের উৎসাহিত করতে তিনি পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে চলছে। আমাদের দেশ দ্রুত বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে টেকনোলজি হল গেম চেঞ্জার। প্রযুক্তিকে মানুষের ও সমাজের কল্যাণে ব্যবহার করার জন্য তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপক অধ্যাপিকা, স্কলারদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা গর্বের বিষয় যে আজ এই দিনটিতে অনেক নারী এখানে তাদের ডিগ্রি নিতে এসেছেন, যা নারী স্বশক্তিকরণেরই প্রকাশ। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ অনুষ্ঠানের উদ্বোধন করায় আমরা গৌরববোধ করছি। এই সমাবর্তন উৎসব জাতীয় পর্যায়েও গুরুত্ব পাবে। তিনি বলেন, আমাদের দেশ গুরুত্বপূর্ণ আর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। যারা এখানে ডিগ্রি নিতে এসেছে তারা বিকশিত ভারতের স্থপতি। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বের কথাও তুলে ধরেন।
রাজ্যপাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের বড় হওয়ার পেছনে ত্রিপুরার শষ্যক্ষেত্র, জম্পুইহিলের সবুজ বনানী, আগরতলার বিভিন্ন বাজার প্রভৃতিরও অবদান রয়েছে। এই ঋণ তোমাদের ফিরিয়ে দিতে হবে। তোমাদের শিক্ষা স্থানীয় সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। তোমরা সফল হয়ে অন্যদেরও সফল হতে সাহায্য করতে হবে। জাতীয় শিক্ষা নীতির চালু করার গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন দীর্ঘদিন পর শিক্ষাক্ষেত্রে সংস্কার আনা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে আমরা বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমাদের ঐতিহ্যগত জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে যুক্ত করতে না পারলে আমরা উন্নত ভারত গড়ে তুলতে পারবনা। রাজ্যপাল মেডেল প্রাপক ডিগ্রি প্রাপকদের তাদের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শ্যামল দাস। তিনি অতিথিগণকে স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন। অতিথিগণ আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে মেডেল ও ডিগ্রি তুলে দেন।

