ঊনকোটি জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আগরতলা, ৭ মার্চ : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এর যৌথ উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ঊনকোটি জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় বলেন, আমাদের সমাজে নারী শুধু একজন মা, বোন বা কন্যাই নন তিনি সমাজের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, খেলাধুলা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই আজ নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মো: মবশ্বর আলি বলেন, সমাজে এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, সহিংসতা এবং অবহেলার শিকার। নারীদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। নারীদের সন্মান করা, তাদের শিক্ষা স্বাবলম্বিতা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি উনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, এটি নারীর অধিকার, সন্মান ও সমতার জন্য সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার দিন। একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হয়, যখন সেই সমাজে নারী ও পুরুষ সমান সুযোগ পায় ও একসাথে এগিয়ে আসে। নারীর অধিকার রক্ষা করা, তাদের সন্মান দেওয়া এবং একটি সমতা ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা। সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষিকা শান্তশ্রী মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং জেলা মিশন সমন্বয়কারী শান্ত কমল চাকমা।

অনুষ্ঠানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে ৯ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শুরু হয় ঊনকোটি কলাক্ষেত্র থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি সমাপ্ত হয় ঊনকোটি কলাক্ষেত্রে।

Leave a Reply