নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ: শুক্রবার আগরতলার এনইজেডসিসি শিল্পগ্রাম অডিটোরিয়ামে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— পরিচয়, ছাত্র নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও গণতান্ত্রিক সংলাপ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন নিরুপম চাকমা, মলিন কুমার চাকমা সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। সম্মেলনে চাকমা সম্প্রদায়ের পরিচয়, ছাত্র নেতৃত্বের ভূমিকা এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, সমাজে ইতিবাচক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উত্তরাখণ্ডে নিহত এঞ্জেল চাকমার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এঞ্জেল চাকমার পরিবার যেন ন্যায়বিচার পায় তার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে জনজাতিদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। যতদিন এই বিভাজন থাকবে, ততদিন জনজাতিদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নেতাদের পিছনে না ছুটে সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

