ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৯টি দোকান, চাঞ্চল্য, পরিদর্শনে যান বিধায়ক বিরজিৎ সিনহা

আগরতলা, ৫ মার্চ: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নয়টি দোকান। গতকাল রাতে কৈলাসহর মহকুমার নুরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর ইঞ্জিন। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছে বিধায়ক বীরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুনে মুদি দোকান, মিষ্টির দোকান, একটি প্যাথোলজি ল্যাব এবং বাইক মেকানিকের দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দমকলের গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকানে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মালপত্র ছিল। ফলে আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রমজান মাসের আগে ব্যবসার জন্য অতিরিক্ত মালপত্র তোলা হয়েছিল বলে জানান দোকান মালিকরা। তাই হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের মাথায় হাত পড়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে পর্যাপ্ত সহায়তা ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা প্রদান করা না হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা , গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে বিধায়ক এবং প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply