আগরতলা, ৫ মার্চ: বৈদ্যবাড়ী এলাকায় দ্রুত গতিতে চলা একটি দশ চাকার ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর হাতে আটক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৈদ্যবাড়ী এলাকায় হঠাৎ করেই দ্রুতগতির ট্রিপার গাড়িটি একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাইক আরোহী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু ধাওয়া করে। ধাওয়া করে অবশেষে অমরপুরের পাহাড়পুর এলাকায় গিয়ে ট্রিপার গাড়িটিকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত বাইক আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

