বারনালা (পাঞ্জাব), ২৮ ফেব্রুয়ারি (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাব কংগ্রেস নেতৃত্বকে কড়া বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলীয় কোন্দল বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ দলের ঊর্ধ্বে নন।
‘সেভ এমএনরেগা, সেভ ফার্মার্স’ কর্মসূচির আওতায় বারনালায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, “একজন খেলোয়াড় ম্যাচ জিততে পারে না। আমাদের পুরো একটি দল আছে। আমি সবার কাছে বার্তা দিতে চাই— টিম প্লেয়ার হোন, না হলে রিজার্ভে বসতে হবে। আপনি যত বড় নেতা-ই হন না কেন, কেউ দলের চেয়ে বড় নন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ দলগতভাবে কাজ না করেন, তাহলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং আমি উপযুক্ত ব্যবস্থা নেব।”
সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকেও তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, পাঞ্জাব ভালো করেই জানে এই দেশের ভিত কৃষক ও শ্রমিকদের উপর দাঁড়িয়ে। “আমি এখানে এসেছি দিল্লিতে কী হচ্ছে, প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে কী করেছেন এবং তার পরিণতি কী হতে পারে— তা বোঝাতে,” বলেন তিনি।
রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে-এর বইয়ে উল্লেখ রয়েছে যে চীনা ট্যাঙ্ক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল। “সেনা সদস্য ও প্রাক্তন সেনাকর্মীদের আমি অনুরোধ করব বিষয়টি গুরুত্ব দিয়ে শুনতে,” বলেন তিনি।
প্রায় ৩০ মিনিটের ভাষণে তিনি এমজিএনরেগা এবং ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন। তাঁর অভিযোগ, এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
রাহুল বলেন, “পাঞ্জাব আমাদের শক্তি। এখানে এলেই আমি ভারতের ভিত্তি দেখি। আপনারাই আমাদের রক্ষক, আপনারাই ভিত্তি।”
উল্লেখ্য, বারনালা ঐতিহ্যগতভাবে আম আদমি পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কৃষক ও শ্রমিক আন্দোলনের ক্ষেত্র হিসেবেও এই এলাকা গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের নির্বাচনের আগে কংগ্রেসের ঘাঁটি মজবুত করতে রাহুলের এই কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মহল।
_____

