রমজানকে ঘিরে ঢাকায় গ্যাস সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম উদ্বেগ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (আইএএনএস): রমজান মাস আসন্ন। তার আগেই হঠাৎ পাইপলাইনের গ্যাস সংকটে বাংলাদেশে, বিশেষত রাজধানী ঢাকায়, বহু পরিবার চরম উদ্বেগে পড়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিও নিম্ন ও মধ্যবিত্তদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর।

পুরান ঢাকার বাসিন্দা রাহেলা বেগম জানান, গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় তাঁর দৈনন্দিন রান্নাবান্না ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “ছেলের জন্য দুপুরের রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই। সারাদিন গ্যাস আসেনি। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনতে হয়েছে। রমজানে যদি এই সমস্যা চলতে থাকে, কী হবে বুঝতে পারছি না।”

শান্তিনগরের আর এক বাসিন্দা কোহিনুর বেগমও একই সমস্যার মুখে পড়েছেন। তাঁর অভিযোগ, অত্যন্ত কম গ্যাসের চাপের কারণে রান্না করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। রমজানের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার হাজার হাজার পরিবার এই গ্যাস সংকটের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় একাধিক পণ্যের দাম নতুন করে বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

কলাবাগানের বাসিন্দা আনিসুর রহমান বলেন, “শুধু গ্যাস সংকট নয়, নিত্যপণ্যের দামও বাড়ছে। রমজানের আগে এই পরিস্থিতি সাধারণ মানুষের জন্য বড় চিন্তার কারণ।”

এদিকে গত মাসে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করেছে, সারা দেশে যে গ্যাস সংকট তৈরি হয়েছে, তা মুহাম্মদ ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার ফল। দলের অভিযোগ, এটি হঠাৎ করে তৈরি হওয়া সঙ্কট নয়, বরং শাসনব্যবস্থার ব্যর্থতার স্পষ্ট উদাহরণ।

আওয়ামী লীগের বক্তব্য, “বাংলাদেশ অতীতে বৈশ্বিক জ্বালানি সঙ্কটের আরও কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু এখন গ্রাহকেরা দাম দিতে প্রস্তুত থাকা সত্ত্বেও গ্যাসের অভাব দেখা দিচ্ছে, এলপিজি সিলিন্ডার বাজারে উধাও হয়ে যাচ্ছে, সরবরাহ ব্যবস্থা বিশৃঙ্খল— এগুলি কেবল ঘাটতির লক্ষণ নয়, প্রশাসনিক অচলাবস্থার প্রমাণ।”

Leave a Reply