বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু, মোতায়েন বিপুল প্রশাসনিক বাহিনী

আগরতলা, ৮ ফেব্রুয়ারি:
আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। রবিবার সকাল থেকেই এই অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বন বিভাগ আগেই সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির বিরুদ্ধে সরকারি ভাবে উচ্ছেদ নোটিশ জারি করেছিল। নোটিশ পাওয়ার পর গত কয়েক দিনে বহু পরিবার স্বেচ্ছায় বনাঞ্চল ছেড়ে অন্যত্র চলে যায়। তবে যাঁরা এখনও স্থান ত্যাগ করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রায় এক হাজার পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তালিকায় পাথারকান্দি বিধানসভা সমষ্টির ইছাপার, মাধবপুর, বালিয়া, মধুরবন্দ, ছাগলমোয়া, মাগুরা, যোগীছড়া, চাঁদপুর সহ একাধিক সংরক্ষিত বনাঞ্চলের বাসিন্দাদের নাম রয়েছে। গুগল ম্যাপ, জিপিএস এবং সরকারি নথিপত্র যাচাই করেই অবৈধ দখলদারদের চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

উচ্ছেদ অভিযানে প্রায় ৫০টি বুলডোজার, একাধিক হাতি এবং তিন শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ডিএফও, এসিএফ, রেঞ্জ অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিএসএফ, কমান্ডো বাহিনী, আধাসেনা বাহিনী ও প্রোটেকশন টিমের সদস্যরা। একই সঙ্গে উচ্ছেদ এলাকায় সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই অভিযানে অবৈধ বসতবাড়ির পাশাপাশি রাবার বাগান, সুপারি বাগান ও ফিশারি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বন বিভাগের ডিএফও অমল আর বরহাদি জানান, আগামী আরও তিন দিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। এর ফলে পাথারকান্দি এলাকায় প্রায় তিন হাজার বিঘা সরকারি জমি বেদখলমুক্ত হবে বলে প্রশাসনের আশা।

এদিকে, উচ্ছেদ নোটিশপ্রাপ্তদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিজেপির নাম ভাঙিয়ে একটি অসৎ চক্র টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply