পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ ভোর থেকেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, অন্ডাল, দুর্গাপুর ও পানাগড় এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছেন।
এই অভিযানে একাধিক প্রভাবশালী ব্যবসায়ী এবং এক পুলিশ আধিকারিকের বাড়ি ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চলছে। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বুদবুদ থানার বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি। উল্লেখ্য, তিনি এর আগে বারাবনি থানার ওসি থাকাকালীন সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
একইসঙ্গে সেপকো টাউনশিপে বালু ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও তল্লাশি চলছে। জামুড়িয়ায় হার্ডওয়্যার ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে ১৬ সদস্যের একটি ইডি দল জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। পাণ্ডবেশ্বরের নবগ্রামে কয়লা ব্যবসায়ী মাইজুল শাহের বাড়িও তদন্তের স্বার্থে ঘিরে রাখা হয়েছে।
যদিও ইডি এখনও এই অভিযানের নির্দিষ্ট কারণ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, সূত্রের খবর, আঞ্চলিক কয়লা ও বালু ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম এবং অর্থপাচার সংক্রান্ত তদন্তের সঙ্গেই এই অভিযানের যোগ থাকতে পারে।

Leave a Reply