ধর্মনগর, ৩১ জানুয়ারি : লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের করিমপাড়ায় চুরি-কাণ্ডকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, চোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দেওয়ার পর অভিযুক্ত ও তার পরিবার হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখ সন্ধ্যায় করিমপাড়ার বাসিন্দা নাজিম উদ্দিনের বাড়ি থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হয়। চুরিকে স্থানীয় বাসিন্দা নুরুজ আলী ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে জাকির হোসেনকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ধৃতকে আদালতে সোপর্দ করলে সে জামিনে মুক্তি পায়। অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই জাকির হোসেন ও তার বাবা আব্দুল হান্নান ক্ষতিগ্রস্ত গৃহস্থ, গ্রামের জনপ্রতিনিধি এবং নেতৃত্বদানকারী কয়েকজনের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেন। এমনকি গ্রামের কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে করিমপাড়ার সমস্ত অংশের মানুষ একত্রিত হয়ে গণসাক্ষর সংগ্রহ করেন এবং চুরাইবাড়ি থানার অফিসার-ইন-চার্জ দেবব্রত বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ন্যায্য বিচারের দাবি জানান।
গ্রামবাসীর অভিযোগ, চোর ও তার পরিবার প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে তারা গ্রাম নেতৃত্বকে ফাঁসিয়ে দেবে। এ ভয় ও আতঙ্কে গ্রামবাসীরা আইনের আশ্রয় নিয়েছেন। পুলিশ আশ্বস্ত করেছে যে গোটা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে।
তবে এ ঘটনা করিমপাড়া জুড়ে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং গ্রামের মানুষদের মধ্যে এখনও চাপ ও উদ্বেগ বিরাজ করছে।

