রোমান স্ক্রিপ্টের দাবিতে আগরতলায় টিএসএফ ও টিআইএসএফ-এর মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে আগরতলায় টিএসএফ ও টিআইএসএফ-এর উদ্যোগে একটি মশাল মিছিল সংগঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন প্রদ্যোত কিশোর দেববর্মনও।

প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে এই দাবিকে সামনে রেখে জনজাতি ছাত্র ও যুবরা তিপ্রা মথার নেতৃত্বে ময়দানে সরব হতে দেখা যায়। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন টিএসএফ-এর সাধারণ সম্পাদক জন দেববর্মা ও ছাত্রনেতা হামলং জমাতিয়া। প্রদ্যোত কিশোর দেববর্মন মশাল হাতে নিয়ে মিছিলে যোগ দেন।

মশাল মিছিল সম্পর্কে হামলং জমাতিয়া জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দেশ্যে তারা স্পষ্টভাবে জানিয়ে দিতে চান যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার জন্য রোমান হরফের দাবি অবিলম্বে পূরণ করতে হবে। অন্যথায়, বিগত বছরের মতো এবছরও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে রোমান হরফের দাবিতে জনজাতি সমাজকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তাঁর সেই আহ্বানের প্রতিক্রিয়াতেই এই মশাল মিছিল সংগঠিত হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।