নিরাপত্তাহীনতায় ভুগছে বিশালগড় রেলস্টেশন, নজরদারির অভাবে সক্রিয় চোরাচালান চক্রের অভিযোগ

আগরতলা, ৪ ডিসেম্বর : বিশালগড় রেলস্টেশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ যাত্রী ও স্থানীয়দের উদ্বেগ বেড়েই চলেছে। অনেক যাত্রীর দাবি, স্টেশনটিতে নিয়মিত টহল না থাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় সূত্র এবং যাত্রীদের একাংশের দাবি, সাব্রুম থেকে উদয়পুর, বিশ্রামগঞ্জ হয়ে বিশালগড় রেলস্টেশন পেরিয়ে নেশা সামগ্রী আগরতলা রেলস্টেশনের দিকে পাচার করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, কিছু ট্রেন রুটে পর্যাপ্ত তল্লাশি না হওয়া এবং মালবাহী কোচে নজরদারি কম থাকায় চোরাচালান চক্র এই পথকে সহজ রুট হিসেবে ব্যবহার করছে।

যদিও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মতে—চোরাচালান রোধে স্টেশনে লাগাতার নজরদারি জরুরি হয়ে পড়েছে।