আগরতলা, ৫ অক্টোবর: রাজ্যে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে রাজধানীর আগরতলা পশ্চিম থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। সেইসব অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ মোট ১৩ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, শারদোৎসব চলাকালীন বিভিন্ন অভিযোগ থানায় আসে। বিশেষত রাজধানীর সিটি সেন্টার ও নেতাজি প্লে ফোরাম মেলায় সংঘটিত মারপিটের ঘটনাগুলিতে জড়িতদের শনাক্ত করে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, যতগুলি অভিযোগ দায়ের হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

