নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: বাড়িতে ঢুকে সিপিআইএম কর্মীর উপর মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথা কর্মীদের বিরুদ্ধে। ভয়ে বর্তমানে আগরতলায় আশ্রয় নিয়েছেন আক্রান্ত সিপিআইএম কর্মী।
ঘটনাটি ঘটেছে সোমবার জম্পুইজলায়। অভিযোগ অনুযায়ী, সিপিআইএম লোকাল কমিটির নেতৃত্ব শ্যামল দেববর্মার বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে প্রায় সাত থেকে আটজন তিপ্রা মথা দলের কর্মী। খবর পেয়ে জম্পুইজলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্যামল দেববর্মাকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁকে রাখা হয়েছে আগরতলার মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন সিপাহীজলা জেলা সিপিআইএম সম্পাদক রতন সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং বিশালগড় সিপিআইএম নেতা পার্থপ্রতিম মজুমদার।
নেতৃত্বদের বক্তব্য, এধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু শারীরিক আক্রমণ গণতন্ত্রের পরিপন্থী।

