মণিপুরে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযান: জঙ্গি গ্রেফতার, সাইবার অপরাধী ও ট্রাফিক লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ইম্ফল, ৭ সেপ্টেম্বর : গত দুই দিনে মণিপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক সাফল্য এসেছে। অভিযানগুলিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য, সাইবার প্রতারক এবং ট্রাফিক নিয়ম ভাঙার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬ সেপ্টেম্বর, থৌবল জেলা হাসপাতালে নিকটবর্তী এলাকা থেকে কেসিপি-র এক সক্রিয় সদস্য হোদাম বিক্রম সিং ওরফে আমুবা ওরফে পুনশিবা ওরফে তোমথিন (৩৪), ওয়াংজিং আওয়াং লেইকাই এলাকার বাসিন্দা, কে গ্রেফতার করে যৌথ টিম। তার কাছ থেকে একটি পিয়াজিও ভেসপা স্কুটার, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

একই দিনে, ইম্ফল পশ্চিম জেলার ওয়াংগোই থানার অন্তর্গত হাওরেইবি আওয়াং লেইকাই এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন প্রেপাক-এর এক সদস্য, সরুংবম বোডে সিং (৩৭) কে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সে উপত্যকা এলাকায় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করত। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে, ৫ সেপ্টেম্বর সাইবার ক্রাইম থানার একটি দল দুইজন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। তারা সাইবার প্রতারণার জন্য ‘মিউল’ ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করত। ধৃতদের নাম কংখম আপু সিং (৩২), থৌবল অথোকপাম আওয়াং লেইকাইয়ের বাসিন্দা এবং ইয়েংখোম (ও) রাশেশ্বরী লেইমা (৩৯), থৌবল ওয়াংমাতাবা সড়ক মাখার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অন্যান্য ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বাধ্য করত এবং সেই অ্যাকাউন্টগুলি প্রতারণার টাকা স্থানান্তর ও গোপন করতে ব্যবহার করা হত। অভিযানে তিনটি মোবাইল ফোন ও অন্যান্য অপরাধমূলক প্রমাণাদি উদ্ধার হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চলছে।

অন্যদিকে, মণিপুর পুলিশ ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ৬ সেপ্টেম্বর, মোট ৩১টি চালান ইস্যু করা হয় এবং ৫০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের দিন, একটি গাড়ি আটক করা হয় এবং তিনটি গাড়ি থেকে অবৈধ রঙিন গ্লাস (টিন্টেড ফিল্ম) সরানো হয়েছে।

মণিপুর পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে রাজ্যে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে।