আগরতলায় আড়ম্বরে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পূজা

আগরতলা, ২৭ আগস্ট: রাজধানী আগরতলা শহরের নানা প্রান্তে ধর্মীয় ভক্তি আর উৎসবের আবহে চলছে গণেশ পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের এই পূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দিরে বিশেষ আয়োজন করা হয়েছে।ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভক্তরা অংশ নিচ্ছেন এই পূজোয়।

আজ সকাল থেকেই ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। শহরের বিভিন্ন প্যান্ডেলে পুরোহিতদের নেতৃত্বে ধর্মীয় রীতিনীতি মেনে গণপতি বাপ্পার প্রথম দিনের পূজা অর্চনা সম্পন্ন করা হয়েছে। বিশেষ মুহূর্তে অনুষ্ঠিত পুষ্পাঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। পরিবার-পরিজন নিয়ে বহু মানুষ উপস্থিত থেকে ভগবান গণেশের আশীর্বাদ কামনা করেছেন।

শুধু পূজার্চনাই নয়, পূজা উপলক্ষে একাধিক মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকেই ভক্তিমূলক সংগীত, শিশুদের নৃত্য পরিবেশনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন পূজা উদ্যোক্তারা। বিশেষত শিশু ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

পুজো উপলক্ষে শহরের বিভিন্ন পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। ট্রাফিক পুলিশও বিশেষ নজরদারি চালাচ্ছে, যাতে ভক্তদের কোনওরকম অসুবিধা না হয়।

ভক্তদের মতে, বুদ্ধি, সমৃদ্ধি ও শুভ শক্তির দেবতা শ্রীগণেশের আরাধনা জীবনের সব বাধা দূর করে সুখ-শান্তি বয়ে আনে। সেই বিশ্বাসে ভক্তরা প্রত্যেক বছরই বিপুল উৎসাহে এই পূজায় অংশ নেন। এবারের পূজায়ও সেই ভক্তিভাব স্পষ্টভাবে ধরা পড়েছে।

শহরের বিভিন্ন পাড়ায় ছোট-বড় মণ্ডপ সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। কোথাও দেখা গেছে দৃষ্টিনন্দন থিম ভিত্তিক মণ্ডপ, আবার কোথাও ঐতিহ্যবাহী ঢঙে অনুষ্ঠিত হচ্ছে পূজা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে গোটা আগরতলা শহর জুড়ে এখন একেবারে উৎসবের আবহ বিরাজ করছে।