আগরতলা, ৮ আগস্ট : ত্রিপুরার জনজাতি উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার কর্তৃক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) গোষ্ঠীর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। এই অর্থরাশি দ্রুত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পাশাপাশি সঠিক সময়ে এই চুক্তি না হলে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “এটিটিএফ ও এনএলএফটি এবং ভারত সরকারের মধ্যে শান্তিচুক্তি হওয়ার এক বছর হয়ে গেছে। একই সময়ে আমাদের শেখ হাসিনার সরকার বাংলাদেশে ক্ষমতা হারিয়েছে, আর সেখানে এখন ভারতবিরোধী মনোভাব বেড়ে গেছে। ভাবুন তো, যদি তাঁর সরকার ক্ষমতা হারানোর আগে এই চুক্তি না হতো, তাহলে আইএসআই তাদের দিয়ে এ অঞ্চলে আরও ঝামেলা তৈরি করতে পারত।”
তিনি আরো লেখেন, পুনর্বাসনের জন্য যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে, তা দ্রুত দেওয়া হবে। ত্রিপুরা যদি সহিংসতা ও সন্ত্রাসমুক্ত হয়, তবে সবার জন্য নতুন ও ভালো দিন আসতে পারে।

