আগরতলা, ৫ আগস্ট: ত্রিপুরার রাস্তাঘাট, পানীয় জল কিছুই স্মার্ট হয় নি। কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক। আজ রাধানগর সিপিআইএমের গণঅবস্থানে এমনটাই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।
আজ বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল, গোমতী দুধ এর বর্দ্ধিত মূল্য প্রত্যাহার, স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দুরীকরণের দাবিতে রাধানগর স্ট্যান্ডের বিপরীতে অভিনন্দন বিয়ে বাড়ির পাশে গণঅবস্থান সংগঠিত করে সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি। এদিনের গণঅবস্থানে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।
এদিন শ্রী চৌধুরী বলেন, স্মার্ট হয়নি ত্রিপুরা রাজ্য এবং আগরতলা শহর। স্মার্ট হয়েছে শাসকদলের বিধায়ক, কর্পোরেটর এবং মন্ডল নেতারা। আর নাগরিক পরিষেবা লাটে উঠেছে আগরতলা শহরে। তাঁর কটাক্ষ, যাঁরা নির্বাচনে জবর দখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর, বিধায়ক হয়েছেন আর তাদেরকে বিত্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন, পৃষ্ঠাপ্রমুখ হয়েছেন। তাদের বাড়িঘর স্মার্ট হয়েছে, তাদের চেহারা স্মার্ট হয়েছে, তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে।
তিনি বলেন, আগরতলা শহর থেকে শুধু নর্দমার জল ছড়ালে চলবে না। ত্রিপুরা থেকে বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা নামক জঞ্জালকে পরিষ্কার করতে হবে। ত্রিপুরার রাস্তাঘাট, পানীয় জল কিছুই স্মার্ট হয় নি। কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক।

