ম্যানচেস্টার, ১৬ ডিসেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দলকে।
রবিবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা জয়ের শেষ প্রান্তে গিয়েও অবিশ্বাস্যভাবে হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে।
মাত্র ১ মিনিট ৫৫ সেকেন্ডের ঝড়ে বদলে গেল সবকিছু। ৮৭ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা শেষ বাঁশি বাজার অপেক্ষায়। আর সেখানেই ইউনাইটেড প্রত্যাবর্তন। অবিশ্বাস্য গল্প লিখে ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরল ওল্ড ট্রাফোর্ডে। হারের পথে চলে যাওয়া দলটি জিতে গেল ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে।
ম্যাচের ৩৬ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। তারা সমতায় ফেরে ফার্নান্দেজের পেনাল্টি গোলে ৮৮ মিনিটে। ২ মিনিট যেতে না যেতেই আবার গোল ইউনাইটেডের। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ এক পাস ধরে বুটের ডগা দিয়ে এদেরসনের ওপর দিয়ে গোলে বল পাঠিয়ে দিলেন আমাদ। এরপর লিডটা ধরে রেখে ডার্বি ম্যাচ জিতে গেল ইউনাইটেড আনন্দে ভাসতে ভাসতে ফিরে গেল ওল্ড ট্রাফোর্ডে।

