নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): আদানি ইস্যুতে শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অন্যান্য বিরোধী সাংসদরা। হাতে সংবিধান নিয়ে বিরোধীদের এই প্রতিবাদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর কথায়, কংগ্রেস সর্বদা সংবিধানের অসম্মান করেছে। পাল্টা বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
শুক্রবার প্রহ্লাদ যোশী বলেছেন, “কংগ্রেস বরাবরই সংবিধানকে অসম্মান করেছে এবং তাঁরাই সংবিধানের কথা বলছে। তাঁরা জরুরি অবস্থার সময়ে বি আর আম্বেদকরকে অসম্মান করেছিল। জনসাধারণ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে তাঁদের উচিত শিক্ষা দিয়েছে।”
কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “আজ বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী, যিনি ভারতকে সংবিধান দিয়েছেন। আদানির জন্য সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা প্রতীকী প্রতিবাদ করছি। যখনই আদানির নাম আসে, তখনই সরকার ইস্যুটি অন্য দিকে ঘুরিয়ে দিতে চায়, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।”

