কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।
সম্প্রতি লাভলির করা একটি ‘বদলা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী।
রবিবার এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিবলে ‘জলনুপূর’ সিরিয়াল খ্যাত লাভলি মৈত্র। বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”
লাভলি বলেছিলেন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।” এর পরই তাঁকে সতর্ক করেছিল তৃণমূল।

