কলেজ স্তরের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: পাঁচটি সাধারণ ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ৭০ শতাংশ অকৃতকার্য হয়েছে। এরই প্রতিবাদে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রছাত্রীরা। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।  

ঘটনার বিবরণে এক ছাত্র জানিয়েছে, গত কিছু দিন আগে পাঁচটি সাধারণ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়েছিল। তাদের পরীক্ষা ভালোও হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে কলেজের বিভিন্ন বিষয়ের প্রথমবর্ষের প্রায় ৬০ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছে। এরই প্রতিবাদে জাতীয় সড়ক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধে সামিল হয়েছেন ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। সাধারণ যাত্রীদের দূর্ভোগের শিকার হতে হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

তাদের দাবি, সবাইকে একসাথে উত্তীর্ণ করতে হবে। তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে আন্দোলন আরও বৃহত্তর হবে বলে হুশিয়ারী দিয়েছেন।