মুর্শিদাবাদে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন, হতাহতের খবর নেই

মুর্শিদাবাদ, ৩০ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার ডোমকলে আগুন লাগল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের গঙ্গাদাসপাড়ার কুঠির মোড়ে অবস্থিত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে কীভাবে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।