আগরতলা, ২৩ আগস্ট: গতকাল দূর্গতদের উদ্বার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক। আজ সকালে ধানের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে,পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমার।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আগরতলা ইন্দ্রনগর এলাকার বাসিন্দা চিরঞ্জিত দে (৩০)। পেশায় তিনি গাড়ির চালক। গতকাল রাতে বন্যায় কবলিত এলাকায় একজন মহিলা ও তার সন্তানকে উদ্ধার করার পর নিজেই জলে তলিয়ে যান। আজ সকালে পাশের এলাকায় ধানের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই ঘটনার খবর পেয়ে আজ মৃতের মা এবং বোনের সাথে দেখা করেন জেলা শাসক ডাঃ বিশাল কুমার। পাশাপাশি, মৃতের মায়ের হাতে সরকারি সাহায্য তুলে দিয়েছেন।

