সকাল থেকেই কল্যাণপুরে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

কল্যাণপুর, ৭ আগস্ট: আগামীকাল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। স্বাভাবিকভাবেই দিকে দিকে ব্যস্ততার সার্বিক চিত্র। বিশেষ করে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয় সমূহে ভোট গ্রহণ কাজে নিযুক্ত কর্মী, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের ব্যস্ততা চোখে পড়ার মত।

একই রকম স্বতঃস্ফূর্ত ছবি কল্যাণপুর ব্লক প্রশাসন তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সকাল থেকেই কল্যাণপুর ব্লক এর অন্তর্গত আশিটা পুলিং স্টেশনের জন্য ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত।

রিটারনিং অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে এক উৎসবের আবহে বিভিন্ন স্তরের কর্মীরা ভোট গ্রহণ করার জন্য নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার আগে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে নিচ্ছেন। এদিকে ভোটগ্রহণ সম্পর্কিত প্রস্তুতি এবং আজকের সার্বিক বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে রিটার্নিং অফিসার তথা কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল দাবি করেছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তিনি আশাবাদী উৎসবের মেজাজে নির বিচ্ছিন্নভাবে সম্পন্ন হবে ভোট গ্রহণ। পাশাপাশি আজ আরো একবার রিটার্নিং অফিসার তথা বিডিও সকল অংশের ভোটারদের উদ্দেশ্যে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান রেখেছেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুর রিটার্নিং অফিসারের অন্তর্গত ৮০টা পোলিং স্টেশনে জেলা পরিষদের সাত, আট এবং নয় তিনটা আসনের জন্য ভোটগ্রহণ করা হবে, এর আগেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসন গুলোতে শাসক জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে।