কেরলের ওয়ানাডে রাহুল ও প্রিয়াঙ্কা, খতিয়ে দেখলেন ত্রাণ ও উদ্ধারকাজ

ওয়ানাড, ১ আগস্ট (হি.স.): প্রকৃতির রোষে বিধ্বস্ত কেরলের ওয়ানাড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেরলের ওয়ানাডে এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তাঁরা ত্রাণ ও উদ্ধারকাজ খতিয়ে দেখেন।প্রথমে কেরলের ওয়ানাডের চুড়ালমালাতে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এরপর তাঁরা যান ওয়ানাডের মেপ্পাডিতে, সেখানে একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেছেন৷ কথা বলেছেন দুর্যোগে বেঁচে যাওয়া মানুষজনের সঙ্গে।