কৃষকদের নয়, জোটসঙ্গীদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয়েছে: অখিলেশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : বাজেট নিয়ে ক্ষিপ্ত বিরোধী শিবির। শুধুমাত্র দুটি রাজ্যকে গুরুত্ব দিয়ে বাকি দেশকে বঞ্চনা করা হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা।  তা নিয়েই বুধবার উত্তাল হলো সংসদ চত্বর। অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের সিঁড়ির সামনে বিক্ষোভ দেখান ইন্ডি জোটের সদস্যরা। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, আমরা সবাই কৃষকদের এমএসপির দাবি করছিলাম, কিন্তু সরকার কৃষকদের বদলে, জোটসঙ্গীদের নূন্যতম সহায়ক মূল্য দিয়েছে। উত্তর প্রদেশ কিছু পায়নি।

বাজেট নিয়ে সরব হন রাহুল গান্ধীও। তিনি বলেন, এই বাজেট বিদ্বেষমূলক, বঞ্চনার। মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন কেন্দ্রীয় বাজেটে বহু রাজ্য নায্য বরাদ্দ পায়নি। আমরা ন্যায়ের জন্য লড়ছি। এদিন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্য সাংসদরা সামিল হন বিক্ষোভে।