আগরতলা, ১৯ জুলাই : বাইক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। গত চার মাস আগে তার বিয়ে হয়েছিল। আজ সকালে কমলনগর উগিরাটিলা এলাকায় যান দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছে।
জানা গিয়েছে, ফয়সাল আহাম্মেদ(২৭) আজ সকালে বাড়ি থেকে কোন কাজের উদ্দেশ্যে মতিনগর যাচ্ছিলেন। ওই সময় উগরাটিলা বট গাছের নিচে যেতেই অপর দিক থেকে সোনামুড়া থেকে দ্রুতগতিতে একটি প্যাসেঞ্জার কমান্ডার গাড়ি এসে তার পালসার বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে রাস্তার পাশে ছিটকে পড়ে ফয়সাল। ঘটনাস্থলেই তার নাক এবং কান মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। সাথে সাথে স্হানীয় মানুষ ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন।
কিন্তু পরবর্তী সময়ে রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেব বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন,কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব। আজ মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

