ধুবড়ি (অসম), ১৮ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টারে ঘায়েল হয়েছে মোস্ট ওয়ান্টেড কুখ্যাত গো-মাফিয়া সিরাজুল হক। ঘটনা গতকাল বুধবার রাতে জেলার গোলকগঞ্জ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিম গাইখোয়ায় সংঘটিত হয়েছে।
জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মোস্ট ওয়ান্টেড গো-মাফিয়া সিরাজুল হককে গতকাল গ্রেফতার করেছিল গোলকগঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ রাতে তাকে নিয়ে পশ্চিম গাইখোয়ায় যায়। তখন পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিরাজুল।
তাকে পালাতে বারণ করলে উল্টো পুলিশের দিকে তেড়ে আসে। তখন তাকে রুখতে পুলিশ গুলি চালায়। গুলি তার বাঁ পায়ে হাঁটুর নীচে বিদ্ধ হলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ সিরাজুল হককে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ।
প্রসঙ্গত, ধুবড়িতে গবাদি পশুর চোরাচালান অব্যাহত। গতকাল ধুবড়ির অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী ছাগলিয়ায় এএস ২৮ এসি ০৫০৮ নম্বরের একটি ট্রাক চোরাচালানের ৪৬ গরু বোঝাই একটি গাড়ি আটক করেছিল পুলিশ।
এর সঙ্গে চার গরু চোরাকারবারি যথাক্রমে বরপেটা রোডের শহিদুল ইসলাম ও আখতার হোসেন, বরপেটা শহরের সামাদ আলি এবং নলবাড়ির মোজাম্মিল হোসেনকে পুলিশ গ্রেফতার করে। তাদের সূত্র ধরে গো-মাফিয়া সিরাজুল হককে গ্রেফতার করেছিল পুলিশ।

