রায়গঞ্জ, ২০ মার্চ (হি.স.) : উত্তর দিনাজপুরের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বোতলবাড়ি এলাকায় বাবার চোখের সামনেই টোটো উলটে মৃত্যু হল ৪ বছরের শিশুকন্যার। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে । ময়নাতদন্তের পর বুধবার মেয়ের জন্মদিনের দিনই শিশুটির নিথর দেহ এসে পৌঁছোল এলাকায়। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মোসলেমা খাতুন(৪)।
জানা গেছে, মঙ্গলবার রাতে শিশুটির বাবা পেশায় টোটোচালক কামরুল হোসেন টোটোটি বাড়ির সামনে রেখে ব্যাটারির চার্জার নিতে ঘরে যান। ঘর থেকে চার্জার নিয়ে বাড়ির সামনে আসতেই দেখেন, তার মেয়ে টোটোর হ্যান্ডেলে হাত দিতেই গাড়িটি ছুটে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে উলটে যায়। টোটোর নীচে চাপা পড়ে যায় ৪ বছরের মোসলেমা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেডিকেলে পরীক্ষার পর শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের পর এদিন বিকেলে শিশুর দেহ এলাকায় পৌঁছায়।

