বহুতল ভেঙে পড়ার ঘটনায় ধৃত ১

কলকাতা, ১৮ মার্চ, (হি.স.) : গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ ওয়াসিম৷ সংশ্লিষ্ট আবাসন তৈরি ও রক্ষণাবেক্ষণ করতেন ওই ব্যক্তি৷

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মারাজ খালেদ বলেন, “ধৃতের বিরুদ্ধে ৩০৪ এবং ৩০৭ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, সঙ্গে অবৈধ নির্মানের দায়ে পৌরসভার আইনে মামলা রুজু করা হয়েছে৷”

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বেআইনি নির্মাণ চলছে? এবিষয়ে স্থানীয় কাউন্সিলরকে দোষ দিতে রাজি নন ফিরহাদ। তাঁর মতে, ‘‘কোন গলিতে কীভাবে বেআইনি ভাবে বাড়ি তৈরি হচ্ছে, সেটা কাউন্সিলরের জানা সম্ভব নয়। নিঃসন্দেহে প্রশাসনকে আরও কড়া হতে হবে। আমরা আইনি ব্যবস্থা নেব।”

ব্যাখ্যা দিয়ে ফিরহাদের বক্তব্য, ‘‘বাম আমল থেকে এখানে বেআইনি নির্মাণ চলছে। সে সময়ে প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি পাওয়া যেত না। অনুমতি জোগাড় করতে অনেক হেনস্থা হতে হত। তাই প্রোমোটারেরা বেআইনি নির্মাণের পথে হাঁটতেন। এখন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওই বহুতলের প্রোমোটারকে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে।”