নয়াদিল্লি, ১৪ মার্চ (হি. স.): ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বিষয়বস্তু সম্প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। অশ্লীল বিষয়বস্তু এবং যৌনতা বিষয়ক কন্টেন্ট সম্প্রচারের জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে।
জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক করে দেয় অশ্লীল বিষয়বস্তু এবং যৌনতা বিষয়ক কন্টেন্ট সম্প্রচারের জন্য। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এইগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। নিষিদ্ধ হওয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে আছে ১২টি ফেসবুক পেজ, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ১৬টি টুইটার হ্যান্ডেল এবং ১২টি ইউটিউব চ্যানেল।
উল্লেখ্য, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারংবার ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার বিষয়ে আবেদন জানান। এইসব প্ল্যাটফর্মগুলি যাতে অশ্লীল বিষয়বস্তু সম্প্রচার না করে তাও স্মরণ করিয়ে দেন।

