মালদা, ৭ মার্চ (হি.স) : যে কোনো সময় প্রকাশ হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে সকলকে চমকে দিয়েছে বিজেপি। এবার প্রচারেও অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে তারা। তাই প্রচারে ঝড় তুলতে দেশ জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন বিজেপির হেভিওয়েটরা। ইতিমধ্যে দুবার বাংলায় প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুই দিনের নির্বাচনি প্রচারে মালদায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
শিলিগুড়ি থেকে সড়ক পথে এদিন বিকেলে মালদায় এসে পৌঁছান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপর পুরাতন মালদার সাহাপুর এলাকায় উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী এবং বুথ সভাপতিরা।

