লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১,৭৮২ জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রবিবার উত্তর প্রদেশের লোক ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগী এই নিয়োগপত্র বিতরণ করেন। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, সাবঅডিনেট সার্ভিস সিলেকশন কমিশন এবং বিদ্যুৎ পরিষেবা কমিশনের জন্য নিয়োগপত্র প্রদান করেন তিনি। নিয়োগপত্র প্রদানের পর নির্বাচিত যুবকদের অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী যোগী এদিন বলেন, আজ আমি আনন্দিত যে কর্মসংস্থান মিশনের আওতায় রাজ্যের যুবকদের বিভিন্ন বিভাগে চাকরি করার সুযোগ দেওয়া হচ্ছে। আমি তরুণ প্রতিভা এবং তাঁদের পরিবারকে অভিনন্দন জানাই। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে তরুণদের চাকরি দিতে বদ্ধপরিকর। গত ৭ বছরে ৬ লক্ষেরও বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে। রাজ্যে চাকরি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার জন্য প্রচুর কাজ করা হচ্ছে। আগে কেউ এখানে বিনিয়োগ করতে চাইত না। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রকল্পগুলি চালু করা হয়েছে।
এই প্রকল্পগুলির আওতায় প্রায় ৩৪ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। এখন উত্তর প্রদেশে প্রতিটি ক্ষেত্রেই ভালো কাজ হচ্ছে। নতুন সরকারি চাকরিতে নির্বাচিত যুবকদের এদিন যোগী সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করতে শেখান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন ও শক্তি মন্ত্রী এ কে শর্মা, জলশক্তি মন্ত্রী স্বাধীন দেব সিং, আয়ুষ মন্ত্রী দয়াশঙ্কর মিশ্র দয়ালু, প্রতিমন্ত্রী মায়াঙ্কেশ্বর শরণ সিং, দীনেশ খটিক, রামকেশ নিষাদ প্রমুখ।

