কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : হাসপাতাল থেকে বেরিয়েই স্বমহিমায় ডায়বেটিস রোগীদের বিশেষ বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। জানালেন শুধু মিষ্টি না খেলেই হবে না, খাবার নিয়েও সাবধানী থাকতে হবে।
সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, তিনি ভালো আছেন। শুধুমাত্র সুগারটা একটি বেড়ে গিয়েছিল। কেন? কারণ খাবার। বাংলার ছেলে বাংলায় এলেই গোগ্রাসে খেতে ভালোবাসেন। দিল্লি, বেঙ্গালুরুতে যা পাননা, তা পেলেই খেয়ে নেন। তাতেই সমস্যা হয়েছিল। সুগার বেশ বেড়ে গিয়েছিল। এর জন্য চিকিৎসকদের বকুনিও খেতে হয়েছে তাঁকে।
মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যাঁদের ডায়বেটিস আছে তাঁরা ভাববেন না যে মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়াকে নিয়ন্ত্রণ করুন। আর ইনসুলিনকে ভয় পাবেন না। ইনসুলিন সবচেয়ে নিরাপদ ওষুধ যাতে আপনার শরীর ভালো থাকবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার সমস্যা বেশি খেয়ে ফেলেছি। বললাম না আমি রাক্ষস।”
গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তারকার। তবে তিনি ভালো আছেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে তারকা ডায়াবেটিসের সমস্যার কথাই বললেন।

