আগরতলা, ২২ ডিসেম্বর: নিগমবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের কাজ চলছে। সেখানে জল জমে থাকার কারণেই হয়তো বা শহরে মশার উপদ্রব বেশি। আজ আখাউড়া রোডস্থিত পরিদর্শনে গিয়ে এমনটাই অনুমান করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম।
তাঁর কথায়, গত ২০১৯ সালের জানুয়ারি মাসে আখাউড়া রোডস্থিত কাটাখালের ড্রেনের কাজ শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের নির্মাণ কাজ চলছে। বর্তমানে প্রায় শেষের পথে কাজ। এই ড্রেইনের কাজে জমা জল থেকেই শহরে মশার উপদ্রব বেড়েছে বলে জানান তিনি।
এদিন তিনি আরও বলেন, জল যাতে না জমে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ড্রেইনের কাজে নিযুক্ত ঠিকেদারদের নির্দেশ দেওয়া হয়েছে।ড্রেইন নির্মাণ কাজ সম্পূর্ণ হলে শহরবাসী মশার উপদ্রব থেকে রেহাই পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

