নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “নাড্ডার সরল ও আন্তরিক স্বভাব অনেকের কাছে তাঁকে প্রিয় করেছে।” শনিবার নাড্ডার ৬৩-তম জন্মদিন।
এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় লেখেন, “জে পি নাড্ডাকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা। তিনি নিজস্ব সাংগঠনিক দক্ষতার জন্য ছাপ রেখেছেন। তাঁর সরল ও আন্তরিক স্বভাব অনেকের কাছে তাঁকে প্রিয় করেছে। গত কয়েক দশক ধরে তাঁকে দলের জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছি। একজন ভালো বিধায়ক, সাংসদ ও মন্ত্রী হিসেবেও নিজেকে আলাদা করেছেন তিনি। মানুষের সেবায় তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি।”

