হরিদ্বার, ২২ নভেম্বর (হি.স.): বিগত ৫ বছর ধরে রামদেব ও পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে। বুধবার উত্তরাখণ্ডের হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, “গতকাল থেকে বিভিন্ন মিডিয়া সাইটে একটি খবর ভাইরাল হয়েছে যে, সুপ্রিম কোর্ট পতঞ্জলিকে তিরস্কার করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা যদি মিথ্যা প্রচার করেন, তাহলে আপনাদের জরিমানা করা হবে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু আমরা কোনও মিথ্যা প্রচার করি না।”
উল্লেখ্য, পতঞ্জলি আয়ুর্বেদের বিভিন্ন ওষুধ বিক্রির বিজ্ঞাপনে ভুয়ো ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বাবা রামদেবের সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোগ নিরাময়ের নাম পতঞ্জলির মিথ্যে তথ্যে ভরা বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা বন্ধ না হলে জরিমানা করা হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট। এরই প্রেক্ষিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেছেন বাবা রামদেব।
তিনি বলেছেন, “কিছু ডাক্তার একটি দল তৈরি করেছে, যারা যোগব্যায়াম, আয়ুর্বেদ ইত্যাদির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার করে। আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের ১০০০ কোটি টাকা জরিমানা করুন এবং আমরা মৃত্যুদণ্ডের জন্যও প্রস্তুত। কিন্তু আমরা যদি মিথ্যাবাদী না হই, তাহলে যারা সত্যিকার অর্থে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাঁদের শাস্তি দিন। গত ৫ বছর ধরে রামদেব ও পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে।”

