গ্রেফতার অরুণাচলে বিশেষভাবে সক্ষম মহিলার ধর্ষক

ইটানগর, ১৫ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশে বিশেষভাবে সক্ষম জনৈক মহিলাকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪ অক্টোবর সন্ধ্যারাতে অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং উপত্যকা জেলার তালোনি গ্রামে কিয়াকাং ওয়ারাং নামের বিশেষভাবে সক্ষম মহিলাকে বারবার ছুরি দিয়ে আক্রমণ করার পর ধর্ষণ করা হয়েছিল। মূলত ভুক্তভোগী কিয়াকাং ওয়ারাং পূর্ব কামেং জেলার ওয়ারাং গ্রামের স্থায়ী বাসিন্দা। দিন-কয়েক আগে তালোনি গ্রামে এসেছিলেন একটি শ্রমিক দলের সঙ্গে। সেখানে তিনি জঙ্গল পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির সময় কিছুক্ষণ আশ্রয় নেওয়ার অজুহাতে ওই দিব্যাঙ্গ মহিলার ঘরে ঢুকেছিল অভিযুক্ত দৃষ্কৃতী। এর পর সে মহিলার সঙ্গে দুষ্কর্ম করতে উদ্যত হলে তিনি চিৎকার-চেঁচামেচি করে নিজেকে রক্ষা করতে যথাসম্ভব চেষ্টা করেন। বাধা পেয়ে কয়েকবার ছুরি দিয়ে হালকা আঘাত করে মহিলাকে ধর্ষণ করে দুষ্কৃতীটি।

ভুক্তভোগিনীর পরিবারের জনৈক মহিলা সদস্য ঘটনার বর্ণনা করে জানান, ঘটনার কিছুক্ষণ পর কর্মক্ষেত্র থেকে তিনি ঘরে যান। দেখেন ঘরে ভাঙচুর করা হয়েছে, সব কিছু লণ্ডভণ্ড। দেখেন ভুক্তভোগিনী বিবস্ত্র, রক্তাক্ত, প্রায় সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর মুখে ছুরিকাঘাতের দাগ। পাশেই দেখেন অপরাধীটি ঘুমাচ্ছে। ঘটনার কিছু আন্দাজ করতে না পেরে তিনি ভয় পেয়ে যান।

ভয় কাটিয়ে ঘরের বাইরে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে গ্রামের মানুষ এসে অভিযুক্তকে ধরতে যান। তখন সে পালিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা তাঁদের প্রচলিত আইন অনুযায়ী ঘটনাটি পরিচালনা করে দুষ্কৃতীকে ধরে শাস্তি দেবেন। কিন্তু অন্য কয়েকজন থানায় রিপোর্ট করতে জোর দেন। ইত্যবসরে রোয়িং থানায় একটি এফআইআর দাখিল করা হয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে।

এদিকে সেদিন সংগঠিত ওই ঘটনার পর রাজ্যের বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।