সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি, এবিষয়ে একমত ভারত ও তানজানিয়া : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি, এবিষয়ে একমত ভারত ও তানজানিয়া। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত ও তানজানিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমরা আমাদের বহু পুরনো বন্ধুত্বকে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ করছি। ভারত ও তানজানিয়া পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় পক্ষ স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে একটি চুক্তিতে কাজ করছে। ভারত আইসিটি কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রশিক্ষণ, আইটিইসি এবং আইসিসিআর বৃত্তির মাধ্যমে তানজানিয়ার দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জল সরবরাহ, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আমরা তানজানিয়ার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তানজানিয়া আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের বিট ক্যাট সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা জোরদার করতে সক্ষম করবে। ভারত এবং তানজানিয়া একমত যে সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি। এই বিষয়ে, আমরা সন্ত্রাস দমনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” প্রধানমন্ত্রীর কথায়, “জাঞ্জিবারে আইআইটি মাদ্রাজের একটি কেন্দ্র খোলার ঘোষণা আমাদের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা পাঁচ বছরের রোডম্যাপে একমত হয়েছি। এর মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, সামুদ্রিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পের মতো ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। আমি আনন্দিত যে তানজানিয়া জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের দ্বারা চালু করা গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”