হিমাচলে বৃষ্টির জেরে জাতীয় সড়ক সহ ১১২টি রাস্তা অবরুদ্ধ

শিমলা, ৩ সেপ্টেম্বর (হি.স) : হিমাচল প্রদেশে বৃষ্টির জেরে জাতীয় সড়ক সহ ১১২টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

রবিবার সকাল থেকে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ৩০৫ জাতীয় সড়ক সহ ১১২টি রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। তারফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্টেট এমারজেন্সি অপারেশন সেন্টার সূত্রে এই তথ্য জানা গিয়েছে। এছাড়াও ১২টি জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় একটি আগুন লাগার ঘটনা ঘটেছে। জুনের শেষের দিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচলে ৪০০ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, প্রায় সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশে। এনডিআরএফ আরও জানিয়েছে, প্রায় ১৩৬ জন মানুষ ভূমিধসের ফলে প্রাণ হারিয়েছেন এবং ২৩১ জনের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সরকার হিমাচলকে ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা’ বলে ঘোষণা করেছেন। সরকারি আধিকারিকরা স্বীকার করেছেন যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।