অসমে জাপানিজ এনসেফেলাইটিসে মৃত্যু ১৩ বছরের ছাত্ৰীর

গুয়াহাটি, ১৩ আগস্ট (হি.স.) : এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ওদালগুড়ির ১৩ বছর বয়সি এক নাবালিকা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর প্রায় ৪:০০টা নাগাদ গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিবিকা দৈমারি নামের বালিকা।

জানা গেছে, গত ৩ আগস্ট থেকে জ্বরে ভুগছিল ওদালগুড়ি জেলার অন্তর্গত মাজবাটের ২ নম্বর কাদাবিল গ্রামের জনৈক বিহুরাম দৈমারির মেয়ে স্থানীয় নৰ্থ-ইস্ট পাবলিক স্কুলের সপ্তম শ্ৰেণির ছাত্ৰী বিবিকা দৈমারি। জ্বরের উপসম হচ্ছে না দেখে স্থানীয় ডাক্তার তার রক্ত পরীক্ষা করে সে জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করেন। ওই ডাক্তারের পরামর্শে বিবিকাকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভরতি করা হয়। এখানে তার চিকিৎসাও চলছিল যথারীতি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ভোরে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু বরণ করে নাবালিকা বিবিকা দৈমারি।