পাটনা, ৭ আগস্ট (হি.স) : বিহারের রাজধানী পাটনা-সহ সমগ্র রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস মতোই সোমবার সকাল থেকেই বিহারের নালন্দা, ভোজপুর, সমস্তিপুর, দরভাঙ্গা, মধুবনি, বাগাহা, জেহানাবাদ, সাসারাম, ঔরঙ্গাবাদে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে রাজধানী পাটনাও।পাটনার আবহাওয়া কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বিহার এবং তার আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে পাটনা-সহ রাজ্যের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারে এখনও পর্যন্ত মাত্র ৩০০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে পাটনায় বৃষ্টিপাত হচ্ছে। সোমবার ভোরেও পাটনায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর পাটনায় বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইবে।

