কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : লোকসভা ভোটের মুখে সুখবর চাকরিজীবীদের জন্য। সুদের হার বাড়ল প্রভিডেন্ট ফান্ডে।
২০২২-২৩ অর্থবর্ষে আগের তুলনায় অতিরিক্ত ০.০৫ শতাংশ সুদ বেশি মিলবে। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে এই সুদ মিলবে। ওই অর্থবর্ষের সুদ আগেই ঘোষণা করেছিল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও)।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ইপিএফে। যা আগের অর্থবর্ষের তুলনায় সামান্য হলেও বেশি। অতীতে সুদ ৮.৫ শতাংশ থাকলেও তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল ২০২১-২২ অর্থবর্ষে। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে বৃদ্ধি সত্ত্বেও আগের অর্থবর্ষের ঘাটতি মিটল না।
গত মার্চ মাসের সেই ঘোষণায় সোমবার সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ফলে প্রায় ছ’কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবী গত বছরের তুলনায় বেশি হারে সুদ পাবেন। অর্থাৎ ১ লক্ষ টাকা জমার উপরে ৮১৫০ টাকা সুদ পাবেন।

